পাকিস্তানিদের ঔদ্ধত্যপূর্ণ আচারণের সর্বোৎকুষ্ট জবাব দিতে চাই


রাতের আঁধার ছিন্ন করে ভোরে যখন আলো ফুটতে থাকবে, আকাশ হয়ে উঠবে ধূসর নীলাভ, মাঠের বুকে প্রকাশিত হতে থাকবে সবুজ, তারপর যে লাল সূর্যটি দিগন্ত ঠেলে উঠবে, আজ বিজয় দিবসের ভোরে তার দিকে তাকিয়ে আমাদেরই সব গরিমায় তাকে আমরা বিশেষ করে দেখে উঠবো স্বাধীন-সার্বভৌম বাঙালির রাষ্ট্র বাংলাদেশের জাতীয় পতাকা ওই-- আমার দেশমায়ের সবুজ আঁচলে টকটকে লাল উদিত সূর্যটি।

দক্ষিণ এশিয়ার পাঁচ হাজার বছরের ইতিহাসে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের গৌরব একমাত্র এই বাঙালিরই। আমরা যে হাজার বছর অপেক্ষা করেছিলাম মুক্তির ও স্বাধীনতার, কত ব্যর্থ যুদ্ধ ও বিপ্লবের পর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণোদনায় তাঁরই রণমন্ত্র জয় বাংলা কণ্ঠে ও চেতনায় ধারণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছিলাম। ঐতিহাসিক সেই যুদ্ধে শহীদ বীর মুক্তিযুদ্ধাদের রক্তের রং আমরা দেখে উঠি পতাকায়। নমিত হৃদয়ে তাঁদের আমরা অভিবাদন করি প্রত্যয়ের মুষ্টি তুলে বিজয় দিবসে।

কিন্তু আজ এই ২০১৫ এর বিজয় দিবসে ওই যে সূর্যটি উঠেছে, একাত্তরে আমাদের দেশে পাকিস্তানি বাহিনী যে গণহত্যাযজ্ঞ চালিয়ে ছিল, আমাদের ৩০ লাখ মানুষকে যে তারা হত্যা করেছিল, তাদের প্রতিটি রক্তফোঁটা
মেখেই আজ এই সূর্যটি বিশেষভাবে উঠেছে, আর তার সঙ্গে ভোরের ভৈরবী নয়, বাতাসে এখন আমি শুনতে পাচ্ছি হাহাকার - আমার ১০ লাখ মা, বোন ও মেয়েদের, যারা ধর্ষিত হয়েছে, যাদের কোল খালি হয়েছে, যারা নিষ্ঠুর বৈধব্যের কাফনতুল্য সাদায় আবৃত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর চোখ প্লাবিত হয়েছিল তাদেরই অশ্রুতে, যখন তিনি একাত্তরের বিজয়ের পরে স্বদেশে ফিরে সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের সমাবেশে দাঁড়িয়েছিলেন। আজও আমাদের মনে পড়ে, আমরা ভুলিনি।

অামরা যে ভুলিনি, বঙ্গবন্ধু-কন্যা ও উত্তরাধিকারী শেখ হাসিনা যে ভুলেননি, তারই উজ্জল সাক্ষ্য একাত্তরের যুদ্ধাপরাধের বিচার করার ট্রাইব্যুনাল গঠন। একাত্তরের সেই কালে পাকিস্তানি বাহিনীর দালাল কুলাঙ্গার যারা খুনি হয়ে উঠেছিল, তাদের আমরা যুদ্ধাপরাধী হিসেবে বিচারের আদালতে তুলে বিধিমতো শাস্তির বিধান করতে শুরু করেছি__ ইতিমধ্যেই চারজনের ফাঁসি কার্যকর__ আরও অনেকেই রয়েছে ট্রাইব্যুনালের কাঠগড়ায়, অচিরে তারাও পাবে দন্ড, এতে একাত্তরের গণহত্যায় নিহত বিদেহী আত্মা শান্তি পাচ্ছে ও জাতি কলঙ্কমুক্ত হচ্ছে। অনেক দেরিতে হলেও বিচারের প্রক্রিয়া শুরুকরে এবং দণ্ড কার্যকর করে ইতিহাসের দায় আমরা শোধ করছি।

২০১৫ সালের ১৬ ডিসেম্বর আজ। আজই আমরা ভোরের প্রথম সূর্যটিকে বিশেষভাবে ৩০ লাখ মানুষের রক্তরাঙা দেখে উঠছি কেন ? কারন, ওই ৩০ লাখের প্রতিটি রক্তফোঁটা আজ চিৎকার করছে। চিৎকার করছে, কেননা পাকিস্তান মাত্রই কয়েক সপ্তাহ আগে বলেছে- না, বাংলাদেশে তারা গণহত্যা চালায়নি, একাত্তরে বাংলার মাটিতে তাদের হাতে কোন হত্যা হয়নি এবং যারা যুদ্ধাপরাধী প্রমাণিত হয়ে আদালতের রায়ে সর্বোচ্চ দণ্ড পেয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, তারা যুদ্ধাপরাধী নয়, ঘোর অন্যায় করে তাদের প্রাণ হরণ করা হয়েছে ! পাকিস্তান সরকার সে দেশে আমাদের রাষ্ট্রদূতকে ডেকে এই কথা জানিয়েছে এবং বলেছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওরা যুদ্ধাপরাধী নয়, ওরা নাকি বিরোধীদলীয় নেতা।

কী মিথ্যাচার! সত্যের কি জঘন্য অপলাপ! আমরা হতবাক হয়ে যাই দেখে যে কতখানি নির্লজ্জ ও উদ্ধত হলে রাষ্ট্রীয় আচার লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের বিচারপ্রক্রিয়ার প্রতি পাকিস্তান সরকার এমন উচ্চারণ করতে পারে !

কিন্তু তারা বললেই সত্য অসত্য হয়ে যাবে না। তাদের মুখের মিথ্যাও সত্য বলে গৃহীত হবে না। সত্য যে সত্যই !  তাই বাইরে তারা যা-ই বলুক, নিজের নিভৃতে বুকে হাত দিয়ে পাকিস্তানিরা বলতে পারবে না, তাদের হাতে বাংলার রক্ত নেই।

একাত্তরে পাকিস্তানিরা বাংলার বুকে যে গণহত্যা চালিয়েছিল, বিশ্বের ইতিহাসে বৃহত্তম এক গণহত্যা, তার প্রমাণ খুঁজতে আর কোথাও যেতে হবে না, তার প্রমাণ রয়েছে তাদেরই দেশে, তাদেরই হাতে।

(ত্রিশ লাখের আর্তনাদ- সৈয়দ শামসুল হক)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩০ লাখের আর্তনাদ